বরগুনার বিদ্যুৎ সংকট নিরসনে করণীয় সম্পর্কে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল বে-অব বেঙ্গলে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে মতবিনিময় সভা করা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান।
সভার শুরুতে ৭ দফা দাবি তুলে ধরেন, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল। দাবীগুলো হচ্ছে, বিদ্যুৎ বরাদ্দের ক্ষেত্রে সমবন্টন করতে হবে। ডিমান্ড চার্জ প্রত্যাহার, ভুতুড়ে বিল বন্ধ, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতা বন্ধ এবং বরগুনায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস করতে হবে।
মতবিনিময় সভায় আলোচনা করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এ এস এম হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ জেড এম সালেহ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনার সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুস শাকুর, ড. খলিলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি দিলীপ কর্মকার, ডা. মনিজা, মুশফিক আরিফ, দিপঙ্কর হাওলাদার, সানাউল্লাহ সানি, হুমায়ুন প্রমূখ। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং ও ভোগান্তির কথা তুলে ধরে সংকট সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।
জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, বিদ্যুৎ সংকট শুধু বরগুনার নয়, এটি জাতীয় সমস্যা। সারা দেশেই এর প্রভাব রয়েছে। তবে গতকাল থেকে বরগুনায় লোডশেডিং কিছুটা কমেছে। সরকার জনগণের জন্য কাজ করছে, আশা করি দ্রুত এ সংকটের সমাধান হবে। আমরা নিজেদের উদ্যোগ, সকল ডিপার্টমেন্টের প্রধানদের নিয়ে আলোচনার মাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করে বরগুনার বিদ্যুৎ সমস্যা সমাধানে ভূমিকা রাখব।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর