ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডে পরিবারের সব সদস্যকে হারানো এবং অলৌকিকভাবে বেঁচে যাওয়া গুরুতর আহত তরুণ আমির হোসাইনকে বিশেষ ব্যবস্থাপনায় নতুন পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ দূতাবাসে আসেন মরহুম কামাল উদ্দিনের সন্তান আমির হোসাইন। এ সময় ইতালিতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত তার হাতে নতুন পাসপোর্ট তুলে দেন। একইসঙ্গে রাষ্ট্রদূত তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং মর্মান্তিক এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত আমিরকে আশ্বস্ত করে জানান, এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস সর্বাত্মক যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, গত ২৬ জুন রোমের ‘ভিয়া মন্তিলিও’ (Via Montiglio)-র একটি অ্যাপার্টমেন্টে দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় আমিরের বাবা, মা ও বোন নির্মমভাবে নিহত হন। ওই হামলায় আমির নিজেও গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
দূতাবাস সূত্রে আরও জানানো হয়েছে, মর্মান্তিক এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রশাসনিক উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
প্রবাসে বাংলা এর সর্বশেষ খবর