নিজের হাতে গড়া কারখানা,চোখের সামনে পুড়তে দেখে স্তব্ধ। নিমিষেই আগুনে পুড়ে ছাই,আর তাতেই নিঃস্ব হয়ে গেছেন বরগুনার তালতলীর ক্ষুদ্র ব্যবসায়ী মো.জাহাঙ্গীর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টায় তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের নতুন বাজারে তার মুড়ি, চাল ও ধান প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে যায় দামি মেশিন, চাল-ধানসহ সব মালামাল। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানান তিনি।
জাহাঙ্গীর বলেন, "দিন-রাত পরিশ্রম করে, ধার দেনা ও ঋণ করে এই কারখানাটা দাঁড় করিয়েছিলাম। ভেবেছিলাম ছেলে মেয়েদের মুখে দু-বেলা ভালো খাবার তুলে দেব। কিন্তু এক রাতের আগুনে আমার সব শেষ। এখন পরিবার নিয়ে আমি কোথায় যাব, কী খাব?"
স্থানীয়রা জানান, জাহাঙ্গীরের এই প্রতিষ্ঠান শুধু তার পরিবারের আয়ের উৎসই ছিল না। এলাকার কৃষকরাও এখানে ধান-চাল ভাঙিয়ে উপকৃত হতেন।
আগুনে পুড়ে যাওয়া টিনের চালা আর গলিত মেশিনের স্তূপের সামনে দাঁড়িয়ে এখন শুধু দীর্ঘশ্বাস তার। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন তিনি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর