• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৪:২৮ দুপুর

বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

ফাইল ফটো

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। শনিবার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টের শুরুতে আসিফ নজরুল লেখেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর অনেক কারণ রয়েছে। তাঁর মতে, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ এই সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি তাঁর সুস্পষ্ট অঙ্গীকার ছিল। ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও এর প্রতিফলন পাওয়া যায় বলে তিনি উল্লেখ করেন।

তবে বঙ্গবন্ধুর দেশ পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ নজরুল বলেন, তিনি দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না। তাঁর মতে, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনাও নানা কারণে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এসব পরিস্থিতি ১৯৭২ সাল থেকে বঙ্গবন্ধুর ক্রমে আরও কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে কোনোভাবেই ন্যায্যতা দেয় না। তাঁর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কোনো যুক্তি দিয়ে আড়াল করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, কয়েক বছরের দুঃশাসনের স্মৃতি থাকা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর জীবনব্যাপী অবদানের কারণে বহু মানুষ তাঁকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি নিজেকেও সেই মানুষদের একজন হিসেবে উল্লেখ করেন। তবে শেখ হাসিনার শাসনকাল তাঁর মতো মানুষের জন্য বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশকে কঠিন করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার শাসনকে ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের একটি নিকৃষ্ট উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করে আসিফ নজরুল বলেন, নিজের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে শেখ হাসিনা তাঁর বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। তাঁর মতে, এর ফলেই বঙ্গবন্ধু জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপিত হন। তিনি বলেন, শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ ঘটেছে, যা অনেকটা তাঁরই হাতে।

সবশেষে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক নির্মম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের প্রায় সব সদস্যসহ নিহত হন। পোস্টের শেষে তিনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও তাঁর জন্য দোয়া করার কথা জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]