বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হয়েছে রবিউল আউয়াল মাসের গণনা।
চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট, বুধবার পবিত্র রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল। ইসলামী তারিখ ও সংশ্লিষ্ট ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় পূর্বনির্ধারিত ২৬ আগস্টের ছুটি বহাল থাকছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। এ উপলক্ষে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও কিয়ামের আয়োজন করা হয়।
এ ছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা, সীরাত ও মানবতার বার্তা নিয়ে আলোচনা সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনেকেই নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দরুদ ও সালাম পাঠের মাধ্যমে দিনটি পালন করেন।
বিভিন্ন স্থানে তবারক বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে শান্তি, সম্প্রীতি, মানবতা ও মহানবী (সা.)-এর আদর্শের বার্তা তুলে ধরা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর