জেলার ক্ষেতলাল উপজেলায় শাহেদ আলী বাদশা (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বাদশাকে হত্যার ঘটনা সনাক্ত করতে দ্রুত মাঠে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) । অভিযানে ওই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয় । তদন্তে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় চারজনকে ক্ষেতলাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ডিবি।
আটক ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার দিনাজপুরের পার্বতীপুর থানার রিয়াজপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আজিমুল হক (৩৫), পাম্পের কর্মচারী লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর বানা গ্রামের আব্দুর সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম সজীব (৩১), ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং জয়পুরহাট সদর উপজেলার বেলতলা গ্রামের আছির উদ্দিনের ছেলে আমজাদ আলী (২০)।
নিহত শাহেদ আলী বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের জামালের ছেলে। আহত মাজেদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য , ক্ষেতলাল উপজেলার জিয়াপুর হাওয়ার বিল এলাকা থেকে শনিবার সকালে পুলিশ শাহেদ আলী বাদশা (২০) নামের এক যুবকের মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় মাজেদুল ইসলাম (১৮) নামের অন্য যুবককে উদ্ধার করা হয় । চুরি করতে গিয়ে ধরা পরলে তাদের পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে এমন ধারণা করে পুলিশ । শনিবার ভোরে মাছ ধরতে গিয়ে ক্ষেতলাল উপজেলার জিয়াপুর হাওয়ার বিল এলাকার পদ্মপুকুর সংলগ্ন মাটির রাস্তার একটি কালভার্টের পাশে তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে আহত যুবক মাজেদুলকে ক্ষেতলাল হাসপাতালে ভর্তি করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জের একটি পেট্রল পাম্পে শুক্রবার রাতে চুরি করতে গিয়ে ধরা পড়লে তাদের মারপিট করার বিষয়টি সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে। চুরির কারণে ঘটনাটি ঘটেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে, পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর পাশে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করার পর সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে অবহিত করেন। স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর