• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
মোঃ মুসলেহ উদ্দিন
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:০১ বিকাল

সীতাকুণ্ডের ইউরো গ্যাসে ২৫ লাখ টাকার মালামাল লুটের দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পকারখানাকে ঘিরে চুরি-ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন ইউরো গ্যাস ফ্যাক্টরিতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একটি দল কারখানায় হানা দিয়ে পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে নগদ টাকা ও বিপুল পরিমাণ তামার তার লুট করে নিয়ে যায়। কারখানা কর্তৃপক্ষের দাবি, লুট হওয়া মালামাল ও নগদ টাকার পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।

এদিকে, এর মাত্র দুই রাত আগে একই এলাকার জেএমআই এলপিজি কারখানা থেকেও বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা ঘটে। একের পর এক শিল্পকারখানায় চুরি-ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দা ও কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।

সাদা বোরখা ও মুখোশ পরে কারখানায় প্রবেশ---

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সাদা বোরখা ও মুখােশ পরিহিত ১০-১২ জনের একটি দল দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ইউরো গ্যাস ফ্যাক্টরিতে প্রবেশ করে। এ সময় তারা দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। পরে অফিসকক্ষ থেকে শুরু করে স্টোররুমের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও মূল্যবান তামার তার নিয়ে পালিয়ে যায়।

কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতরা প্রায় দুই থেকে আড়াই টন তামার তার, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা, এবং নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

শিল্পাঞ্চলে চুরি-ডাকাতিতে উদ্বিগ্ন এলাকাবাসী---

শুধু শিল্পকারখানাই নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিভিন্ন বসতবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার, ক্ষেতখামারের ফসল ও শাকসবজিও নিয়মিত চুরি হচ্ছে। এসব ঘটনায় স্থানীয় কিছু চোর, মাদকসেবী ও জুয়াড়ির পাশাপাশি বাইরের এলাকার অপরাধীদের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে প্রকৃত চিত্র উঠে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। বিশেষ করে শিল্পাঞ্চলের কারখানাগুলোর নিরাপত্তা জোরদার, রাতের বেলায় পুলিশি টহল বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সিসিটিভি ফুটেজে বোরখা পরা ব্যক্তিদের দেখা গেছে---

ইতোমধ্যে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ইউরো গ্যাস কারখানার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার তোহিদ মুঠোফোনে বলেন, ‘রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় অভিযোগ দিতে থানায় এসেছি। বিস্তারিত পরে জানাচ্ছি।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘সকালে কল পেয়ে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের তথ্য অনুযায়ী সকাল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজে চার-পাঁচজন বোরখা পরা ব্যক্তিকে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের দাবি, দুই থেকে আড়াই টন তামার তার, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা, এবং নগদ পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের দেওয়া তথ্যগুলো আরও যাচাই-বাছাই করছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]