ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। রবিবার (১৬ আগস্ট) দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের গভীরে। তবে দুই সংস্থার হিসাবে ভূমিকম্পটির গভীরতায় কিছুটা পার্থক্য রয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভানুয়াতুর পোর্ট ওলরি গ্রামের প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল প্রায় ১৮৮ কিলোমিটার। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫৫ দশমিক ১ কিলোমিটার।
ভূমিকম্পটির প্রাথমিক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৫২ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৬৭ দশমিক ২৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ভানুয়াতু বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রবণতা তুলনামূলকভাবে বেশি।
ভূমিকম্পের পর স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য না পাওয়া গেলেও ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি, ইউএসজিএস, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর