সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে স্রোতের টানে ভেসে যেতে থাকা এক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত শনিবার (১৫ আগস্ট) ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’ নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। পরে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল। দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক ক্রু নদীতে পড়ে যান। নদীতে পড়ার পর তিনি স্রোতের টানে ভেসে যেতে থাকেন।
এ সময় রুটিন টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল ঘটনাটি দেখতে পায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে স্রোতের মধ্যে ভেসে যেতে থাকা ওই ক্রুকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা। পরে তাকে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড সবসময় দ্রুততার সঙ্গে মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর