প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পৃথিবীতে আর কেউ নেই। রোববার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, জুলাইয়ের আন্দোলনে মূল নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাদের আন্দোলনের সঙ্গে দেশের সাধারণ মানুষও সংহতি প্রকাশ করে রাজপথে নেমে আসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক, রিকশাচালক, হোটেলের বাবুর্চি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে প্রাণ হারিয়েছেন। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অদম্য শক্তি রয়েছে। যুগে যুগে এ দেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করেছে। দুঃশাসন মেনে নেওয়ার ইতিহাস বাংলাদেশের মানুষের নেই।
ব্রিটিশ শাসনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, একসময় বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। এ কারণেই ব্রিটিশদের এ দেশের প্রতি আগ্রহ তৈরি হয়। ব্যবসার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে এ অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করে।
সিরাজউদ্দৌলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অনেকেই তাকে দুর্বলচিত্তের শাসক হিসেবে তুলে ধরেন। তবে তিনি দুইবার ইংরেজদের পরাজিত করে কলকাতা পুনরুদ্ধার করেছিলেন। পরবর্তী সময়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
রিজভী আরও বলেন, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি। বিএনপি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সেই প্রতিবাদের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি দাবি করেন, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে কারাগারে যেতে হয়েছে এবং নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। একই সঙ্গে গুম, খুন ও রিমান্ডের নামে নির্যাতনসহ বিভিন্ন নিপীড়নের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর