বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ জরিমানা করেন।
জানা গেছে, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওটি রুম ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকা, হালনাগাদ লাইসেন্স না থাকা, ডিউটি ডাক্তার না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান, রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টোমাক ওয়াশ ও ড্রেসিংসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরও ২ জনকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ।
এর মধ্যে ফাতেমা ক্লিনিকে ১০ হাজার, ইসলামিয়া হাসপাতালে ৫ হাজার, হেলথ কেয়ার ক্লিনিকে ১০ হাজার, সেবা হসপিটালে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদানের জন্য মো. আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা এবং আব্দুর রশিদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল মাহমুদ। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর