টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার এক ভাতিজির বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ২ আগস্ট রাতে উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরদিন স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাতিজি ইসমত আরার বাড়িতে নিয়ে যান। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
গত ৬ আগস্ট এলাকাবাসীর আর্থিক সহায়তায় জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তাঁকে আবার ভাতিজির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
জামাল উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। কয়েক মাস আগে অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।
স্থানীয়দের অভিযোগ, রাস্তায় ফেলে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও স্ত্রী ও সন্তানদের কেউ তাঁর খোঁজ নেননি। তবে তাঁর স্ত্রী রিনা আক্তার দাবি করেছেন, প্রায় আড়াই মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।
অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা জামাল উদ্দিনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার, চিকিৎসা এবং শেষ পর্যন্ত ভাতিজির বাড়িতে তাঁর মৃত্যু—ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। জীবনের শেষ সময়ে স্বজনদের কাছ থেকে দূরে থেকে অন্যের সহায়তায় চিকিৎসা নিয়ে তাঁর চলে যাওয়া নিয়ে নানা প্রশ্নও উঠেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর