জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী অংশ নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।
প্রধান আলোচকের বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “এই প্রোগ্রামের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবন কীভাবে পরিচালনা করবেন, প্রথম বর্ষ থেকেই একাডেমিকভাবে কীভাবে নিজেদের প্রস্তুত করবেন এবং একজন মানুষ হিসেবে সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব কী সে বিষয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছি।”
তিনি বলেন, “একজন শিক্ষার্থী কীভাবে নিজেকে রাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি ও অনেস্টির মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই বিষয়টিও আজকের আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, “শিক্ষার্থীদের নিজেদের বিষয়ের জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন ও গবেষণা করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে হলে সঠিক তথ্য ও পরিসংখ্যান জানা জরুরি। দেশকে এগিয়ে নিতে দক্ষ ও সৎ মানবসম্পদ তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, “দক্ষ মানুষের পাশাপাশি সৎ মানুষ তৈরি করাও জরুরি। জনগণের সম্পদকে আমানত হিসেবে বিবেচনা করে সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় দলীয়করণ থেকে বেরিয়ে এসে মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে হবে।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের কাজ এখন পড়াশোনা ও জ্ঞান অর্জন করা। ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলে এ দেশের খেটে খাওয়া মানুষের কথা মনে রাখতে হবে। এই বিশ্ববিদ্যালয় ও তোমাদের শিক্ষার সুযোগ দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থে তৈরি হয়েছে। তাই বড় হয়ে শুধু নিজের কথা নয়, গোটা দেশ ও মানুষের কল্যাণের কথা ভাবতে হবে।”
এর আগে উদ্বোধনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও নৈতিকভাবে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলা। একটি সুন্দর রাষ্ট্র গঠনে শুধু একটি সংগঠনের নয়, পুরো প্রজন্মের দক্ষতা ও যোগ্যতা অর্জন জরুরি।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় হবে আদর্শ ও জ্ঞানচর্চার স্থান। এখানে মারামারি, হানাহানি, হল দখল কিংবা পেশিশক্তির রাজনীতি থাকবে না; বরং আদর্শের সঙ্গে আদর্শের প্রতিযোগিতা হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসগুলোতে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা ধরে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, কোনো শিক্ষার্থীকে রাজনৈতিক পরিচয়ের কারণে নিপীড়নের শিকার হতে না হয়, কাউকে জোর করে হলে থাকতে না হয় এবং আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর আবাসন অধিকার নিশ্চিত হয়। শিক্ষার্থীদের অধিকার ও একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ ক্যাম্পাস গড়তে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক অগ্রগতি, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হয়। পরে নবীন শিক্ষার্থীদের হাতে ব্যাগ, বই, কুরআন, কলম, চাবির রিং ও বুকমার্কসহ বিভিন্ন শিক্ষা ও স্মারক সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
এছাড়া জাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা একটি শিক্ষার্থীকল্যাণমুখী ও নৈতিক শিক্ষাভিত্তিক কার্যক্রমে বিগত সময় থেকে প্রচেষ্টা করে যাচ্ছে। এরআগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্যও ক্যারিয়ার গাইডলাইনমূলক আয়োজন করে। সংগঠনটি শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন একাডেমি ও নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর