সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে সমাজসেবা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা পূর্বে ১ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল।
তবে মাঠপর্যায়ের কর্মকর্তা এবং আবেদনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সফটওয়্যার জটিলতা, ইন্টারনেট সংযোগের সমস্যা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেননি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আবেদনকারীদের সুবিধার্থে সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে পূর্বে জারি করা সব নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্যও আহ্বান জানানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর