ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে নানা অভিযোগ ও বিতর্কে জড়িয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউলের গায়ক জেমস। হোটেল কক্ষ অপরিচ্ছন্ন রাখা, আয়োজকদের না জানিয়ে চলে যাওয়া এবং চুক্তি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ ওঠে তার ও দলের বিরুদ্ধে। এতদিন এসব বিষয়ে নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বক্তব্য দিলেও এবার ভেনিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সরাসরি নিজের অবস্থান তুলে ধরেছেন জেমস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগরবাউল। এ সময় জেমস দাবি করেন, যথাযথ তথ্য-প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কক্ষের অপরিচ্ছন্ন ছবির বিষয়ে জেমস বলেন, অভিযোগ ওঠা কক্ষটিতে কয়েকজন তরুণ সংগীতশিল্পী ছিলেন। তাদের বয়স কম হওয়ায় হয়তো তারা কক্ষটি পুরোপুরি গুছিয়ে বা পরিষ্কার করে রাখেননি। বিষয়টি নিয়ে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
হোটেল কক্ষের ছবি অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ায় ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জেমস স্পষ্ট করে বলেন, ছবিতে যে কক্ষটি দেখা গেছে, সেটি তার ব্যক্তিগত কক্ষ ছিল না। তাই এ ক্ষেত্রে তার ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নও আসে না বলে জানান তিনি।
তবে আয়োজকদের পক্ষ থেকে ওঠা চুক্তি ভঙ্গ ও টিকিট বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জেমস। এ সময় তার মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তোলেন।
রবিনের দাবি, চুক্তি অনুযায়ী জেমসকে মঞ্চে ওঠানোর আগে ৩০ হাজার ইউরো পারিশ্রমিক পরিশোধ করার কথা ছিল আয়োজকদের। কিন্তু কনসার্ট শুরুর আগে তারা চুক্তি অনুযায়ী পুরো অর্থ পরিশোধ করেননি।
এদিকে রোমের কনসার্ট ঘিরে বিতর্কের মধ্যেও নগরবাউলের ইউরোপ সফর অব্যাহত রয়েছে। আগামী ২৩ আগস্ট ভেনিসে কনসার্ট করার পর ইতালির আরও কয়েকটি শহরে পারফর্ম করবেন জেমস ও তার দল। এরপর ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করার কথা রয়েছে তাদের। ইউরোপ সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে নগরবাউলের।
কুশল/সাএ
সর্বশেষ খবর