• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২৬ দুপুর

২৫ বছর পর বড় পর্দায় সুমাইয়া শিমু, সঙ্গী মোশাররফ করিম

ছবি: সংগৃহীত

২৫ বছরের অভিনয়জীবনে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। তবে দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। কাজী আসাদের পরিচালনায় ‘যাত্রা বিরতি’ সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মোশাররফ করিম।

সিনেমাটির শুটিংয়ে বর্তমানে বরিশালে রয়েছেন সুমাইয়া শিমু। গত ১৯ নভেম্বর থেকে সেখানে শুটিং শুরু হয়েছে। বরিশ্বালের পর কুয়াকাটায়ও সিনেমাটির দৃশ্যধারণ হবে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে। এরপর আগামী মাসে ঢাকায় ফিরবেন এই অভিনেত্রী।

নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুমাইয়া শিমু বলেন, ‘আমার প্রথম সিনেমা। আমার জন্য স্পেশাল। অভিনয় তো অনেক করেছি। অনেক নাটক করেছি। সিনেমায় অফারও পেয়েছি। বিভিন্ন কারণেই করা হয়নি। “যাত্রা বিরতি”র স্ক্রিপ্ট পেয়েই ভালো লেগে যায়। সেজন্যই করছি।’

সিনেমাটির গল্প নিয়ে তিনি বলেন, ‘এই সিনেমার শুটিং করে ভালো লাগছে। যেকোনো বয়সের দর্শক এটি দেখতে পারবেন। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। সবাই গল্পের সঙ্গে কানেক্ট করতে পারবেন।’

এত বছর পর সিনেমায় অভিনয়ে রাজি হওয়ার কারণ হিসেবে গল্পকেই গুরুত্ব দিয়েছেন শিমু। তাঁর ভাষায়, ‘গল্পটাই আসল কারণ। চমৎকার গল্প।’

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রটি সবার কাছে খুব সাধারণ মানুষের চোখে দেখা একটি সুন্দর চরিত্র মনে হবে। প্রতিটি ঘরে ঘরে এমন মানুষ আছেন। দর্শকরা তাকে দেখে আপন মানুষই মনে করবেন। অনেক সহজেই দর্শকরা আপন করে নিতে পারবেন। এ জন্যই আমার কাছে চ্যালেঞ্জিং।’

পরিচালক কাজী আসাদ সম্পর্কে সুমাইয়া শিমু বলেন, ‘পরিচালকের সঙ্গে আমার প্রথম কাজ। খুব ঠান্ডা মাথায় শুটিং করছেন। গোছানো কাজ করেন। বড় কথা হচ্ছে, টিমটাও ভীষণ গোছানো।’

সহশিল্পী মোশাররফ করিমের সঙ্গে এর আগে বহু নাটকে অভিনয় করেছেন শিমু। এবার প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে কাজ করছেন তাঁরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অনেক নাটক করেছি। তখনই দর্শকরা চাইতেন, আমরা যেন একসঙ্গে আরও কাজ করি। এবার সিনেমায় দুজনে একসঙ্গে অভিনয় করছি। ক্যামেরার সামনে তার সঙ্গে বোঝাপড়াটা ভালো। সহশিল্পী হিসেবে নিঃসন্দেহে অসাধারণ। এই সিনেমায়ও দুজনের কাজ দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

সিনেমাটির শুটিং পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন শিমু। তিনি বলেন, ‘খুব পরিপাটি করে শুটিং হচ্ছে। আউটডোরে এত মানুষ নিয়ে শুটিং, তাও সুন্দরভাবেই কাজ চলছে। এ জন্যই বেশি ভালো লাগছে। মন দিয়ে অভিনয় করছি।’

‘যাত্রা বিরতি’ সিনেমায় আরও অভিনয় করছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান। তাঁর মতো গুণী শিল্পীর উপস্থিতিকে সিনেমার জন্য ইতিবাচক বলে মনে করেন সুমাইয়া শিমু।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]