মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বাধীন এই মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবির এত দিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পরও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার পদে বহাল থাকছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী পর্যায়ে এখন একজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী থাকছেন।
একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় দায়িত্ব ও কাজের বিভাজন নিয়ে প্রশ্ন উঠলেও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, এতে কোনো অসুবিধা নেই।
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যক্রমের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু ও পররাষ্ট্রনীতির বিষয়ে সরকারের হয়ে কাজ করেছেন তিনি।
শুক্রবারের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের পরিবর্তন আসে। এ দফায় চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর