টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে এক দম্পতিকে ঘরের ভেতর আটকে রেখে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লাল মিয়া (৪৫) ও তার স্ত্রী বেগম (৩৫) আগুন লাগার সময় ঘরের ভেতরে ছিলেন। তাদের দাবি, ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল। স্থানীয়দের তৎপরতায় শিকল খুলে তাদের উদ্ধার করা হয়। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান ওই দম্পতি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আড়াইটার দিকে লাল মিয়ার ঘরে আগুন জ্বলতে দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো অবস্থায় দেখতে পান। শিকল খুলে দম্পতিকে বের করে আনার পর আগুন নেভানোর চেষ্টা করেন তারা। স্থানীয়দের ধারণা, শত্রুতার জেরে কোনো ব্যক্তি পরিকল্পিতভাবে ঘরের দরজা বাইরে থেকে আটকে আগুন দিয়ে থাকতে পারেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সখীপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার সোহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর