আলোচিত চরমোনাইপন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছেন তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় ঢাকার আদালতে এ মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৮ নম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বিচারাধীন। বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
নালিশি অভিযোগে হুমায়রা জান্নাত দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী মাওলানা হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে তাঁর বিয়ে হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২১ জানুয়ারি তাঁদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। শিশুটির নাম ‘আফরাদ মিসবাহ’ বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তাঁর আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরবর্তীতে হুমায়রা জানতে পারেন, তাঁকে ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। অভিযোগ অনুযায়ী, এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি জানার পর হুমায়রা জান্নাত যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি আদালতে নালিশি মামলা করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে আসামি মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।
তবে মামলায় আনা অভিযোগগুলোর বিষয়ে মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর