মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের অংশীদার না হতে প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেছেন, কোনো দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং প্রতিশোধ হিসেবে ওই দেশের স্বার্থে আঘাত হানা হতে পারে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও দেশটি বর্তমানে ‘পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে’ রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানকে ভেনেজুয়েলার মতো পরিস্থিতিতে ফেলে দেওয়ার যে পূর্বাভাস যুক্তরাষ্ট্র দিয়েছিল, তা বাস্তবায়িত হয়নি।
ইরানের এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালিকে ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। পরে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে হরমুজ প্রণালিকে ‘নিউ ইউএস টেরিটরি’ হিসেবে চিহ্নিত একটি মানচিত্রও পুনঃপ্রকাশ করেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। তেহরান এরই মধ্যে স্পষ্ট করে দিয়েছে, অর্থনৈতিক চাপ মোকাবিলায় কোনো প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেইত জিন এলাকায় একটি বেসামরিক ট্রাকে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর