ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে রাবণের দশ মাথায় বিশিষ্ট ব্যক্তিদের ছবি ব্যবহার করে তৈরি একটি পোস্টার ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ নামের ওই পোস্টারে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন ধনকুবের ইলন মাস্কসহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও আলোচিত ব্যক্তিদের ছবি স্থান পেয়েছে।
পোস্টারটি প্রচার করেছে সনাতন রক্ষা সংগঠন। এতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা ও বিতর্কিত ব্যক্তির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ব্যক্তিদেরও রাবণের দশ মাথার প্রতীকী উপস্থাপনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পোস্টারে যাঁদের ছবি রয়েছে, তাঁদের মধ্যে আছেন ভারতের সাবেক বিধায়ক আতিক আহমেদ ও মুখতার আনসারি, সমাজবাদী পার্টির নেতা আজম খান ও অখিলেশ যাদব, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আইনজীবী প্রশান্ত ভূষণ, মার্কিন ধনকুবের ইলন মাস্ক, বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন অর্থদাতা জর্জ সরোস এবং কংগ্রেস সদস্য ইলহান ওমর।
মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর প্রদেশে উদ্যাপিত হচ্ছে দশেরা বা ‘রাবণ দহন’ উৎসব। এ উৎসবকে সামনে রেখে প্রচারিত পোস্টারটি ধর্মীয় আয়োজনের সঙ্গে রাজনৈতিক বিতর্কও যুক্ত করেছে।
ভারতীয় একটি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির কর্মীরা লক্ষ্ণৌয়ের একটি স্থান থেকে পোস্টারটি সরিয়ে নিচ্ছেন।
পোস্টারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ছবি ব্যবহারের বিষয়ে দলটির এক সংসদ সদস্য অভিযোগ করেন, আগামী বছরের বিধানসভা নির্বাচন সামনে রেখে অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিজেপি উদ্বিগ্ন।
উল্লেখ্য, এর আগের বছর ভারতের একটি দুর্গাপূজা মণ্ডপে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিকৃত অবয়বে অসুর হিসেবে উপস্থাপন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর