অস্ট্রেলিয়া সফরের মিশ্র অভিজ্ঞতার মধ্যেও বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছে বড় সুখবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টেস্ট দলীয় র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
রবিবার (২৩ আগস্ট) প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের রেটিং পয়েন্ট এখন ৭৮। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল নবম স্থানে, তখন তাদের রেটিং ছিল ৭৩।
অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ই বাংলাদেশের র্যাঙ্কিংয়ে এই বড় অগ্রগতির ভিত্তি তৈরি করে। স্বাগতিকদের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা। যদিও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাকাইয়ে ব্যাটিং বিপর্যয়ে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। সেই ম্যাচটি মাত্র দুই দিনেই শেষ হয়ে যায়, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম হতাশার অধ্যায়।
তবে সিরিজটি ১-১ সমতায় শেষ হওয়ায় সামগ্রিকভাবে লাভবান হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারলেও রেটিং পয়েন্ট বেড়েছে পাঁচটি, যার ফলেই সেরা ছয়ে জায়গা করে নিয়েছে দলটি।
সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে বাংলাদেশের ধারাবাহিক উন্নতিও এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবশেষ ১২টি টেস্টের মধ্যে ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ, হেরেছে ৪টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার রেটিং ৭৬, পাকিস্তানের ৭৫ এবং ওয়েস্ট ইন্ডিজের ৭৪। অন্যদিকে ১২৬ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের পর রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯), নিউজিল্যান্ড (১০৬), ভারত (১০৪) ও ইংল্যান্ড (৯৯)।
এখন বাংলাদেশের সামনে রয়েছে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজে ভালো ফল করতে পারলে র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সম্ভাবনা তৈরি হবে।
শুধু টেস্ট র্যাঙ্কিং নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজ শেষে ৬ ম্যাচে ৩ জয় ও ১ ড্র থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে টাইগাররা। ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচে ৮ জয় থেকে তাদের সংগ্রহ ৯৬ পয়েন্ট, শতাংশের হিসাবে ৮০। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ) এবং তৃতীয় স্থানে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়, সিরিজ ড্র এবং টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি—সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চলমান অগ্রযাত্রারই নতুন স্বীকৃতি হয়ে উঠেছে এই অর্জন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর