ই-মেইলের মাধ্যমে রাজধানীর বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকি ও চাঁদা দাবির ঘটনায় ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান ও বারিধারার বিভিন্ন দূতাবাসকে নেওয়া হয়েছে বিশেষ নজরদারির আওতায়।
কূটনৈতিক এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দূতাবাসগুলোর সামনে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হুমকি ও চাঁদা দাবির ঘটনায় কূটনৈতিক এলাকায় আগের তুলনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে চেকপোস্ট, টহল এবং দূতাবাসগুলোর সামনে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি কুইক রেসপন্স টিমগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
সম্প্রতি ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। একটি গোষ্ঠী এসব হুমকি দিয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠক হয়েছে।
হুমকির বিষয়টি সামনে আসার পর এর উৎস ও উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সিটিটিসি। পাশাপাশি কূটনৈতিক এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর