স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকার ভবিষ্যতে যৌথভাবে কাজ করবে। এসব খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিনিয়োগে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সরকারের নীতি ও নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিষয়গুলোর গত ছয় মাসের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে PPP মডেলে মার্কিন বিনিয়োগের সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে নোটিশ করে পরবর্তী সময়ে আলোচনা করার কথা জানিয়েছেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগের ধরন সম্পর্কে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। দেশের বিভিন্ন সিটি করপোরেশনে বিপুল পরিমাণ বর্জ্য জমে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একটি চীনা কোম্পানির সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে বর্জ্য থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে। প্রকল্পটির কাজ বর্তমানে চলমান রয়েছে।
মীর শাহে আলম আরও বলেন, এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, এ ধরনের বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত; বৈঠকে মূলত স্থানীয় সরকার-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর