বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। পৃথক অভিনন্দন বার্তায় তারা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
সোমবার (২৪ আগস্ট) সৌদি বার্তা সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রোববার (২৩ আগস্ট) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাৎকালে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।
এ সময় সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কুশল/সাএ
সর্বশেষ খবর