ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পোমাস গ্রামে সোমবার (২৪ আগস্ট) ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঝড়ের তাণ্ডবে প্রায় ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে টর্নেডোটি অড অঞ্চলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক হাজার বাসিন্দার পোমাস গ্রাম। প্রবল বাতাসে অনেক বাড়ির ছাদ উড়ে যায় এবং বিভিন্ন স্থাপনা ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
দুর্যোগের পর পোমাসে ১২০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর উদ্ধার তৎপরতা চালানো হয়।
স্থানীয় বাসিন্দা পিয়েরে জানান, টর্নেডোর তাণ্ডবে গ্রামের প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে। তার ভাষ্য, ঘূর্ণিবায়ুটি বিশাল লাল-হলুদ চিমনির মতো দেখাচ্ছিল। প্রায় এক হাজার বছরের পুরোনো একটি দুর্গেরও এক-তৃতীয়াংশ ধসে পড়েছে বলে জানান তিনি।
টর্নেডোর সময় এক অন্তঃসত্ত্বা নারীও আহত হয়েছেন। তার স্বামীর ভাষ্য অনুযায়ী, বাড়ির একটি অংশ ধসে তার ওপর পড়ে তিনি আহত হন।

ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেতেও-ফ্রঁস জানিয়েছে, কাছের আর্কেত-আঁ-ভাল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার বেগে বাতাস রেকর্ড করা হয়েছে।
ঝড়ের প্রভাবে শুধু ঘরবাড়িই নয়, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অড অঞ্চলের ১০টি গ্রামের প্রায় ২ হাজার ৮০০ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। দক্ষিণ ফ্রান্সের বিভিন্ন এলাকায় ট্রেন চলাচল ব্যাহত, সড়ক বন্ধ এবং বিমান চলাচলেও বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটে।
প্রতিকূল আবহাওয়ার কারণে অড অঞ্চলে অনুষ্ঠিত ভুয়েল্তা আ এস্পানিয়া সাইকেল রেসের তৃতীয় ধাপও বাতিল করা হয়। প্রবল শিলাবৃষ্টির কারণে প্রতিযোগীদের নিরাপদ আশ্রয়ে যেতে হয়।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এর আগে থেকেই ঝড়ের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি ছিল। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ফ্রান্সে বছরে গড়ে কয়েক ডজন টর্নেডো দেখা যায়। তবে এ ধরনের শক্তিশালী ও ব্যাপক ক্ষয়ক্ষতিসৃষ্টিকারী টর্নেডো তুলনামূলকভাবে বিরল।
ঘটনার পর পোমাসের ধ্বংসযজ্ঞের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে উপড়ে পড়া গাছ, ক্ষতিগ্রস্ত গাড়ি, ভেঙে পড়া বাড়িঘর এবং আকাশজুড়ে ঘূর্ণায়মান টর্নেডোর ভয়াবহ দৃশ্য দেখা যায়।
সূত্র: বিবিসি
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর