রান্না করতে গিয়ে অসাবধানতাবশত খাবার পুড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে খাবার পুড়ে গেলে শুধু স্বাদই নষ্ট হয় না, এর তীব্র গন্ধ দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। অনেকেই তখন রুম ফ্রেশনার বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন। কিন্তু এতে অনেক সময় পোড়া গন্ধ পুরোপুরি দূর না হয়ে আরও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। তাই গন্ধ ঢাকার চেয়ে এর উৎস দূর করাই সবচেয়ে কার্যকর সমাধান।
বাতাস চলাচলের ব্যবস্থা করুন
খাবার পুড়ে যাওয়ার পর প্রথমেই রান্নাঘরের জানালা ও দরজা খুলে দিন। এতে পোড়া গন্ধযুক্ত বাতাস দ্রুত বাইরে বের হয়ে যেতে পারবে। এক্সহস্ট ফ্যান থাকলে তা চালু করুন। পাশাপাশি একটি স্ট্যান্ড ফ্যান জানালার দিকে মুখ করে রাখলে ঘরের ভেতরের গরম ও দুর্গন্ধযুক্ত বাতাস আরও দ্রুত বের হয়ে যাবে। দ্রুত এই ব্যবস্থা নিতে পারলে গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে।
পোড়া পাত্র দ্রুত পরিষ্কার করুন
পোড়া গন্ধ দীর্ঘ সময় ধরে থাকার অন্যতম কারণ হলো পুড়ে যাওয়া হাঁড়ি, কড়াই বা প্যান। তাই যত দ্রুত সম্ভব পাত্রটি পরিষ্কার করা প্রয়োজন।
এ ক্ষেত্রে ভিনিগার বা লেবু বেশ কার্যকর হতে পারে। পাত্রে পানি নিয়ে তাতে সামান্য ভিনিগার মিশিয়ে কয়েক মিনিট গরম করুন। এরপর ঠান্ডা হলে ভালোভাবে ধুয়ে ফেলুন। চাইলে লেবুর টুকরো ব্যবহার করেও পরিষ্কার করতে পারেন। তবে পাত্রের ধরন অনুযায়ী পরিষ্কারের পদ্ধতি বেছে নেওয়াই ভালো।
বেকিং সোডা ব্যবহার করতে পারেন
রান্নাঘরের বিভিন্ন স্থানে ছোট বাটিতে বেকিং সোডা রেখে দিলে তা কিছুটা দুর্গন্ধ শোষণ করতে সাহায্য করতে পারে। এছাড়া পোড়া দাগ পরিষ্কার করতেও বেকিং সোডা কার্যকর।
সামান্য পানি মিশিয়ে বেকিং সোডার পেস্ট তৈরি করে পোড়া অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর নরম স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করুন। এতে দাগ ও গন্ধ দুটোই কমতে পারে।

খাবার পুড়তে শুরু করলে নেড়ে দেবেন না
খাবার পুড়ছে বুঝতে পারলে অনেকেই দ্রুত নেড়ে দেন। কিন্তু এতে নিচের পোড়া অংশ ওপরের ভালো অংশের সঙ্গে মিশে গিয়ে পুরো খাবারের স্বাদ নষ্ট হতে পারে।
এর পরিবর্তে একটি পরিষ্কার পাত্রে ওপরের ভালো অংশ ধীরে ধীরে তুলে নিন। খেয়াল রাখবেন, তলার পোড়া অংশ যেন নতুন পাত্রে না যায়।
পোড়া স্বাদ কমানোর উপায়
খাবারের ভালো অংশ আলাদা করার পর রান্নার ধরন অনুযায়ী কিছু উপকরণ ব্যবহার করে স্বাদের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে।
অনেক ক্ষেত্রে সামান্য লেবুর রস, টমেটো বা তেঁতুল যোগ করলে পোড়া স্বাদ কিছুটা কমে আসে। কিছু রান্নায় অল্প চিনি বা গুড়ও উপকারী হতে পারে। অন্যদিকে মাংস বা গ্রেভিযুক্ত খাবারে সামান্য দই, দুধ বা ক্রিম মিশিয়ে দিলে পোড়া স্বাদের তীব্রতা কিছুটা কমানো সম্ভব। তবে কোন উপকরণ ব্যবহার করবেন, তা রান্নার ধরন বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
ভাত পুড়ে গেলে কী করবেন?
ভাতের নিচের অংশ পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ওপরের ভালো ভাত অন্য একটি পাত্রে তুলে ফেলুন। কখনোই পোড়া অংশের সঙ্গে ভালো ভাত মিশিয়ে ফেলবেন না। এতে পুরো ভাতে পোড়া গন্ধ ছড়িয়ে যেতে পারে।
তবে যদি পোড়া গন্ধ ও স্বাদ পুরো ভাতে ছড়িয়ে পড়ে, তাহলে সেই ভাত খাওয়ার উপযোগী নাও থাকতে পারে। সেক্ষেত্রে ভালো অংশটুকু আলাদা করে সংরক্ষণ করাই সবচেয়ে ভালো।
রান্নাঘরে এমন দুর্ঘটনা নতুন বা অভিজ্ঞ—যেকোনো রাঁধুনির ক্ষেত্রেই ঘটতে পারে। তাই খাবার পুড়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। গন্ধের উৎস দূর করা, বাতাস চলাচলের ব্যবস্থা করা এবং খাবারের ভালো অংশ আলাদা করে নেওয়াই এ পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: সাউদার্ন লিভিং, ইন্ডিয়া টুডে
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
লাইফ স্টাইল এর সর্বশেষ খবর