• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:১১ বিকাল

নেতানিয়াহুর জন্য ধাক্কা, প্রধানমন্ত্রী পদে সুপারিশ করল না মিত্র দল

ফাইল ফটো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের জন্য সুপারিশ না করার ঘোষণা দিয়েছে তার রাজনৈতিক মিত্র ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে দলটি এ অবস্থান জানায়। খবর আনাদোলু এজেন্সির।

পার্লামেন্ট নির্বাচনে আসন পাওয়া দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টের দুই দিনের পরামর্শের শেষ দিনে এ সিদ্ধান্ত এলো। নেসেটে সাতটি আসন পাওয়া দলটির প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রী পদের জন্য তারা আপাতত কোনো প্রার্থীকে সুপারিশ করবেন না। তবে নিজেদের দাবি পূরণ হলে কোনো প্রার্থীকে সমর্থনের বিষয়টি বিবেচনা করতে পারে দলটি।

তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে- অতি-রক্ষণশীল ইহুদিদের (হারেদি) ধর্মীয় শিক্ষায় পূর্ণ সময় দেওয়ার সুযোগ এবং সামরিক বাহিনীতে তাদের বাধ্যতামূলক সেবার বিষয়ে সমঝোতা।

ইউনাইটেড তোরাহ জুডাইজমের এ অবস্থান তাদের ধর্মীয় মিত্র শাস পার্টির সিদ্ধান্তের বিপরীত। বুধবার (৪ নভেম্বর) শাস নেতানিয়াহুর নাম সুপারিশ করেছিল। নতুন সিদ্ধান্তের ফলে নেতানিয়াহুর পক্ষে সুপারিশকারী আইনপ্রণেতার সংখ্যা ৫৩ থেকে কমে ৪৬ হতে পারে।

অন্যদিকে, বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতার সুপারিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইহুদি বিরোধী দলগুলোর ৪৮ আইনপ্রণেতা তাকে সমর্থনের কথা জানিয়েছেন। আরব দল জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্টের (রাম) ১৯ জন সদস্যও তার পক্ষে সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

হারজগ বৃহস্পতিবার ইউনাইটেড তোরাহ জুডাইজমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিনের আলোচনা শুরু করেন। পরে ওতজমা ইয়েহুদিত, ডেমোক্র্যাটস, রাম, জয়েন্ট লিস্ট, ইয়াশার ও লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন হারজগ। মনোনীত আইনপ্রণেতা সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে।

তবে দায়িত্ব পেলেই আইজেনকটের সরকার গঠন নিশ্চিত নয়। ১২০ সদস্যের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ৬১ জনের সমর্থন প্রয়োজন। আইজেনকট ‘জায়নবাদী সরকার’ গঠনের কথা বললেও আরব আইনপ্রণেতাদের সমর্থন কীভাবে নিশ্চিত করবেন, তা স্পষ্ট করেননি। কয়েকটি ইহুদি বিরোধী দল সরকার গঠনে আরব দলগুলোর অংশগ্রহণ বা সমর্থনের বিরোধী।

অন্যদিকে, আরব দলগুলো সরকারে সরাসরি যোগ না দিয়ে আইজেনকটের সরকারকে সংসদীয় সমর্থন দেওয়ার আগ্রহ দেখিয়েছে। বিনিময়ে তারা আরব নাগরিকদের বাড়িঘর ভাঙা বন্ধ, উসকানি রোধ, অপরাধ দমন এবং ফিলিস্তিনিদের জন্য রাজনৈতিক সমাধানের পথ তৈরির নিশ্চয়তা চাইছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]