ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতাল থেকে প্রায় ৪ লাখ রুপির গয়না নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ‘চোর’ কোনো মানুষ নয়, একটি কুকুর। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মন্দসৌরের জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, একটি কুকুর সেখানে ঢুকে এক নারীর সোনার ও রুপার গয়না এবং অর্থ রাখা ব্যাগ মুখে করে নিয়ে চলে যায়। পুরো ঘটনাটি ধরা পড়ে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়।
ব্যাগটির মালিক নাহারগড় থানার অধীন কায়ামপুরের বাসিন্দা লতাবাই বাল্মীকির। তার ছেলে হাতের আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিল। তিনি সঙ্গে গয়না ও অর্থ রাখা একটি ব্যাগ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন।
লতাবাইয়ের অভিযোগ, রোববার ও সোমবারের মধ্যবর্তী রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো একসময় ব্যাগটি নিখোঁজ হয়। ব্যাগে ছিল একটি রুপার কোমরবন্ধনী, রুপার নূপুর, একটি সোনার মঙ্গলসূত্র, দুটি সোনার আংটি, রুপার ঘুঙুর, সোনার পুঁতি, কানের দুল, নাকফুল এবং রুপার আঙুলের আংটি। এ ছাড়া প্রায় ২ হাজার রুপি নগদও ছিল।
সব মিলিয়ে গয়না ও নগদের মূল্য প্রায় ৪ লাখ রুপি বলে ধারণা করা হয়। ব্যাগটি না পেয়ে লতাবাই সিটি কোতোয়ালি থানায় অভিযোগ করেন। গয়নার মূল্য বেশি হওয়ায় পুলিশ দ্রুত সম্ভাব্য চোরের সন্ধানে নামে। ব্যাগটি উদ্ধারের দায়িত্ব দেয়া হয় হেড কনস্টেবল অজয় সোলাঙ্কিকে।
পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে যায়। ফুটেজে দেখা যায়, একটি কুকুর সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকে ব্যাগটি মুখে করে নিয়ে যাচ্ছে। হাসপাতালের বিভিন্ন স্থানে থাকা অন্য ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ কুকুরটির গতিবিধি অনুসরণ করে। শেষ পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণের একটি খোলা জায়গায় গিয়ে অনুসন্ধানের সূত্র মেলে। সেখানেই ব্যাগটি পাওয়া যায়।লতাবাইয়ের স্বস্তি বাড়িয়ে ব্যাগের ভেতরে থাকা গয়না ও নগদ টাকাও অক্ষত অবস্থায় পাওয়া যায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার সন্ধ্যায় পুলিশ উদ্ধার করা গয়না ও অর্থ তার হাতে তুলে দেয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর