ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ‘বেশি দূর এগিয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা নির্ধারণ করতেও ওয়াশিংটন সমস্যায় পড়ছে বলে জানিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘নেতাদের ক্ষেত্রে আমরা হয়তো বেশি দূর এগিয়ে গেছি। কারণ, এখন আমরা জানিই না, কার সঙ্গে আলোচনা করছি।’
তিনি আরও বলেন, ‘ইরানের প্রেসিডেন্ট হতে কেউই আগ্রহী নন।’ সম্ভাব্য প্রার্থীরা এ পদ নিতে চাইছেন না বলেও দাবি করেন ট্রাম্প। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ২০২৪ সালের জুলাই থেকে দায়িত্ব পালন করছেন।
ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা বুঝতে আমাদের বেশ সমস্যা হচ্ছে। আমার মনে হয়, আমরা বেশি দূর এগিয়ে গেছি।’
এ সময় ইরানের বিমানবাহিনী ও দেশটির ১৫৯টি জাহাজ ধ্বংস করার দাবিও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, জাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে।
এদিকে, উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে এ পর্যন্ত জাহাজে অন্তত ১৯টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর