সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রদেশ মক্কায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) এ সতর্কতা জারি করে।
একই সঙ্গে বুধবার (২৬ আগস্ট) সতর্কবার্তা প্রকাশ করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স।
সতর্কবার্তায় মক্কা অঞ্চলে ভারী বৃষ্টিপাতসহ চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জলমগ্ন এলাকা, নিম্নাঞ্চল ও উপত্যকা এবং বাঁধের আশপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য অনুসরণ এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তরের সতর্কতা ব্যবস্থায় ‘রেড অ্যালার্ট’ সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা। সাধারণত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে—এমন অতি বিপজ্জনক আবহাওয়ার পূর্বাভাস থাকলে এ ধরনের সতর্কতা জারি করা হয়।
সাম্প্রতিক কয়েক দিন ধরেই মক্কা প্রদেশের আবহাওয়া অস্থিতিশীল রয়েছে। বিভিন্ন এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এর ফলে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিও তৈরি হয়েছে।
এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুধা এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। সে সময় প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক পাহাড়ি বন্যার আশঙ্কার কথা জানিয়েছিল সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর