• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০২:৪৯ দুপুর

২৫ সেকেন্ড ধরে গুলি, শামলিতে জিম থেকে বের হতেই গায়ককে হত্যা

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের শামলিতে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে। জিম থেকে বের হওয়ার পর চার অস্ত্রধারী তাঁকে অনুসরণ করে প্রায় ২৫ সেকেন্ড ধরে গুলি চালায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

৩৫ বছর বয়সী অঙ্কিত গত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। হাতে ছিল জিমের কিট ব্যাগ। এরপর তিনি নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তখন চার ব্যক্তি তাঁকে অনুসরণ করতে শুরু করে। তাঁদের মধ্যে অন্তত একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

গাড়ির কাছে পৌঁছানোর আগেই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালানো শুরু হয়। পরপর গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পথচারী ও স্থানীয় দোকানিরা নিরাপদ আশ্রয়ে সরে যান। অনেকে দোকানের ভেতর থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করলেও গুলির শব্দ চলতে থাকায় দ্রুত আড়ালে চলে যান।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা মোট ১২টি গুলি ছোড়ে। এর কয়েকটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শূন্যে ছোড়া হয়ে থাকতে পারে। হামলাকারীদের কাছে .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ছিল বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত অঙ্কিতকে দ্রুত স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর শরীরে কতটি গুলি লেগেছিল এবং আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলটি হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। পুলিশের ধারণা, হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

গানের জগতেও ছিল পরিচিতি

শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি সংগীতজগতে পরিচিত মুখ ছিলেন। ইউটিউবেও তাঁর ছিল উল্লেখযোগ্য জনপ্রিয়তা। তাঁর চ্যানেলে গ্রাহকের সংখ্যা ছিল ৩ লাখ ৬৮ হাজারের বেশি।

অঙ্কিতের গানের ভিডিওগুলোতে প্রায়ই বন্দুক, সংঘর্ষ ও বিলাসবহুল এসইউভির উপস্থিতি দেখা যেত। তাঁর অনেক গানের কথায় উঠে আসত সহিংসতা, প্রতিদ্বন্দ্বিতা, দাপট ও শত্রুতার বিষয়। তাঁর বেশ কয়েকটি গান ইউটিউবে লাখ লাখবার দেখা হয়েছে।

তাঁর জনপ্রিয় গানগুলোর একটি ‘ভারি কোর্ট ম্যায় গোলি মারেঙ্গে মেরি জান’। এর বাংলা অর্থ—‘আদালতের মধ্যেই তোমাকে গুলি করব, প্রিয়’।

শেষ ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে চাঞ্চল্য

অঙ্কিতের মৃত্যুর সঙ্গে তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটিও এখন আলোচনায় এসেছে। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে বুধবার তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে গাড়িতে বসে হরিয়ানভি একটি গান গাইতে দেখা যায়।

ভিডিওতে গাওয়া গানের একটি লাইন ছিল—‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, যার অর্থ ‘রাস্তায় হত্যা করো’। কয়েক ঘণ্টা পর একই ধরনের প্রকাশ্য সড়কে সশস্ত্র হামলার শিকার হয়ে অঙ্কিতের মৃত্যু হওয়ায় বিষয়টি অনেকের কাছে ভয়াবহ কাকতালীয় ঘটনা হিসেবে সামনে এসেছে।

গোগি গ্যাংয়ের দায় স্বীকারের দাবি

অঙ্কিত হত্যার দায় কুখ্যাত গোগি গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যাংটির পক্ষ থেকে বলা হয়, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনার ওপর তিনি গান তৈরি করেছিলেন বলেও দাবি করা হয়েছে।

গ্যাংটির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এটা কেবল শুরু, সবার পালা আসবে।’

ওই পোস্টে উত্তর প্রদেশ পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাংটির করা এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলাকারীদের খুঁজছে পুলিশ

অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।

সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধরা পড়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের পাশাপাশি তাঁরা কোথা থেকে এসেছিল এবং হত্যার পর কোন পথে পালিয়ে যায়, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র- ইন্ডিয়া টুডে

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]