টানা পাঁচ ম্যাচে জয় নেই। এর মধ্যে চার ম্যাচেই হার। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর অবশেষে কোচের পদে পরিবর্তন আনল ইন্টার মিয়ামি। মেক্সিকান কোচ গুয়েলমো হয়োসকে সরিয়ে আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসকে দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নিতে পারছেন না কিলি গঞ্জালেস। সে কারণে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ডাগআউটে থাকবেন হয়োস।
কোচ হিসেবে কিলি গঞ্জালেসের রয়েছে আর্জেন্টিনার একাধিক ক্লাবে কাজ করার অভিজ্ঞতা। রোসারিও সেন্ট্রাল, ইউনিয়ন (সান্তা ফে) ও প্লাতেনসের মতো ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি।
বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ফলে মৌসুমের বাকি সময়ে দলকে আরও শক্তিশালী অবস্থানে নিতে নতুন কোচের ওপর বড় দায়িত্বই থাকছে।
খেলোয়াড় হিসেবে কিলি গঞ্জালেসের ক্যারিয়ার ছিল বেশ সমৃদ্ধ। ১৯৯৩ সালে রোসারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ফুটবলে পা রাখার পর ইউরোপের ভ্যালেন্সিয়া, রিয়াল জারাগোজা ও ইন্টার মিলানের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘ সময় মাঠে ছিলেন গঞ্জালেস। জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলেছিলেন তিনি। তখন মেসি ছিলেন জাতীয় দলে উঠে আসা তরুণ এক প্রতিভা।
এর আগে গত এপ্রিলে হাভিয়ের মাশ্চেরানোর বিদায়ের পর স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় আসেন হয়োস। পরে বিশ্বকাপের পর তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় মিয়ামি।
দায়িত্বের শুরুটাও ছিল দুর্দান্ত। প্রথম আট ম্যাচে ২৬ গোল করে ছয় জয় ও এক ড্র পেয়েছিল মিয়ামি। ক্লাবটির ইতিহাসে কোনো কোচের অভিষেকে এটিই ছিল সেরা পারফরম্যান্স। তবে পরবর্তী সময়ে দলের পারফরম্যান্সে বড় ধস নামে। টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি চার ম্যাচে হারতে হয় মেসিদের। শেষ পর্যন্ত যার ফল হিসেবে কোচের পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।
শুধু কোচ পরিবর্তনেই থেমে নেই ইন্টার মিয়ামি। দলকে আরও শক্তিশালী করতে নতুন খেলোয়াড়ও দলে ভেড়ানোর চেষ্টা করছে তারা।
ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ১৯ বছর বয়সী উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার রিকেলমে ফিলিপিকে দলে আনতে চুক্তির আলোচনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে মিয়ামি। ফলে নতুন কোচের অধীনে মেসিদের দলে আরও নতুন মুখ দেখা যেতে পারে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর