নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির পর ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মন্ত্রীরা।
শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ।
এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মন্ত্রীরা তাদের এক মাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে একটি বিশেষ প্যাকেজ তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এজন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধি এলাকা, ভোতেকোশি নদীসংলগ্ন অঞ্চল এবং এর নিম্নাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হবে।
ভয়াবহ এই বন্যায় সীমান্তবর্তী এলাকায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকে গুরুত্ব দিচ্ছে নেপাল সরকার।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর