শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছেন নিহতের জমজ বোন সামিয়া আক্তার।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে। নিহত লামিয়া আক্তার উপজেলার চরমধুয়া গ্রামের সেলিম রেজার মেয়ে এবং চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া আক্তার ও তার জমজ বোন সামিয়া আক্তার ব্রহ্মপুত্রের শাখা মৃগী নদীতে গোসল করতে যায়। এ সময় তারা সিজদা (৮) নামে এক শিশুকে নদীর পানিতে ডুবে যেতে দেখে। শিশুটিকে বাঁচাতে দুই বোন পানিতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সিজদাকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে তাকে উদ্ধারের সময় লামিয়া পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে লামিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর