বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাঠির আঘাতে আমেনা খাতুন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের মির্জাপুর পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে পাঠানপাড়া এলাকার হোসাইন মন্ডলের বাড়ির সামনে একই গ্রামের আনোয়ার হোসেন মেয়ে আমেনাসহ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। সেসময় মৃত আব্দুর রশিদ মণ্ডলের ছেলে হোসাইন মণ্ডল (৩৫) হঠাৎ এক হাতে দা এবং অন্য হাতে লাঠি নিয়ে শিশুদের ওপর হামলা চালায়। সেসময় শিশুগুলো দৌড়ে পালানোর চেষ্টা করলে আমেনা খাতুন পড়ে যায়। তখন হোসাইন মণ্ডল শিশুটিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
এ সময় শিশুদের চিৎকারে আমেনার ভাবি বাড়ি থেকে বের হয়ে আসেন এবং চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
এবিষয়ে তালতা মাজগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। ওই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসাইন মন্ডল মাঝে মধ্যেই পাগলামি করতো।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত হোসাইন মণ্ডলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর