• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১০:১৪ দুপুর

পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাগুরা শহরের ভায়না মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম মো. ইমরান হোসেন। তিনি মাগুরা পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য ইমরান হোসেনের সঙ্গে নাঈমুজ্জামান নয়নের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নয়ন প্রকাশ্যে পুলিশ সদস্যকে থাপ্পড় মারেন। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য স্থানে পুলিশ সদস্যের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে থাপ্পড় মারছেন এক ব্যক্তি। আশপাশে থাকা লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং কেউ কেউ ভিডিও ধারণ করেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মাগুরা সদর থানায় উপস্থিত হন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতৃবৃন্দ। সেখানে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরে নাঈমুজ্জামান নয়ন পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের কাছে ক্ষমা চান। এরপর বিষয়টি আপাতত মীমাংসা করা হয়।

তবে একজন কর্মরত পুলিশ সদস্যকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রকাশ্যে এমন ঘটনায় প্রশ্ন তুলেছেন।

এদিকে নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি মাগুরা শহরের ভায়না মাইক্রোস্ট্যান্ডের সভাপতি এবং সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]