কিশোরগঞ্জের তাড়াইলে নাশকতার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সাংগঠনিক সম্পাদক ও জুলাই আন্দোলনের কর্মী মো. রুবেল ভূঁইয়াসহ নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ উঠেছে। মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কিশোরগঞ্জ জেলা এনসিপি।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ে জেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, গত ২৯ আগস্ট তাড়াইল থানায়, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকবর হাসান (৪৪) বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় একটি মামলা করেন। মামলায় এনসিপির নেতাকর্মীসহ বিএনপির কয়েকজন নেতা ও স্থানীয় সাধারণ মানুষকে আসামি করা হয়েছে।
তিনি আরো বলেন, মামলায় ৪ নম্বর আসামি করা হয়েছে সাচাইল ইউনিয়ন বিএনপির সদস্য মো. ওমর খান সানিকে। ১০ নম্বর আসামি তাড়াইল উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন। ২৮ নম্বর এনসিপির তাড়াইল উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. রুবেল ভূঁইয়া এছাড়া ৩৩ নম্বর রাউতি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম পারভেজ এবং ৩৪ নম্বরে বিএনপির সদস্য ও ব্যবসায়ী আলমকে আসামি করা হয়েছে।
এনসিপির নেতাদের অভিযোগ, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই না করেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নিরীহ মানুষকে মামলায় আসামি করা হয়েছে। এতে বিএনপির নিজ দলের নেতাকর্মী, এনসিপির নেতাকর্মী, ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
ইকরাম হোসেন বলেন, তাড়াইল উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে একটি মহল হয়রানি-নির্যাতন করছে। ঘটনার সঙ্গে জড়িত নন এমন বিএনপির ত্যাগী কর্মী, এনসিপির নেতাকর্মী এবং সাধারণ মানুষকেও মামলায় আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এনসিপি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মামলার ২৮ নম্বর আসামি মো. রুবেল ভূঁইয়া বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তিনি কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন। একই সঙ্গে নিরীহ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা প্রশাসনের কাছে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে এনসিপি কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক, ইকরাম হোসেন , সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্স ,জেলা যুব শক্তির আহ্বায়ক মাহফুজুর রহমান ,তাড়াইল উপজেলা এনসিপির আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ , ছাত্র শক্তির আহ্বায়ক ,আনাস ইব্রাহিমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর