অভিনয়জগতের পাশাপাশি অনেক তারকাই যুক্ত হন চাকরি কিংবা ব্যবসায়। সেই ধারাবাহিকতায় এবার ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রাজধানীর বনানীতে ‘ও রিয়েল’ নামে একটি রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে ব্যবসায়ী হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রেস্তোরাঁটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যেই প্রচারণায় নেমেছেন তানজিন তিশা। রেস্তোরাঁটির নিজস্ব ফেসবুক পেজের পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও অন্দরসজ্জার আলো-ছায়ায় তৈরি নান্দনিক রিলস শেয়ার করছেন অভিনেত্রী। দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী ও মানসম্মত খাবারের অভিজ্ঞতা দিতে তাদের এই আয়োজন বলে জানা গেছে।
ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি অভিনয়েও সমানতালে সরব তানজিন তিশা। নাটক ও ওয়েব কনটেন্টে জনপ্রিয়তার পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। সাকিল ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি।
দেশ-বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। ফলে ব্যবসায়িক অঙ্গনে নতুন পরিচয়ের পাশাপাশি বড়পর্দায় অভিষেক নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
কুশল/সাএ
সর্বশেষ খবর