বিপুল উৎসাহ-উদ্দীপনা ও দিনব্যাপী বর্ণীল কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুরের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে মির্জাপুর শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জাপুর বাইপাস এলাকায় গিয়ে সমাপ্ত হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে উপজেলা চত্ত্বরের পুকুরে পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে মির্জাপুরের বিভিন্ন ইউনিয়নেও দলীয়ভাবে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর