২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও জানানো হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। একই সময়ের মধ্যে পরীক্ষার ফলও প্রকাশ করতে হবে।
এ ছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৬ নভেম্বর থেকে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তির অনুলিপি বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
মার্চে শুরু হবে ২০২৭ সালের এসএসসি
দীর্ঘদিন ধরে সাধারণত ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে সেই ধারাবাহিকতা আর বজায় রাখা সম্ভব হয়নি।
২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। একই বছর এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই।
এদিকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতেই পরীক্ষার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর