কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আর সদস্য সচিব থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তবে কমিটির সদস্য সংখ্যা, কার্যপরিধি এবং কত দিনের মধ্যে কমিটি গঠন সম্পন্ন হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সপ্তাহে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচ শতাধিক কিশোরকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে চাঁদপুরে এ ধরনের সন্দেহে গ্রেপ্তার করা হয় ৭৬ জনকে।
গত মাসে চট্টগ্রামে সবজি বিক্রেতা হৃদয় (১৬) হত্যাকাণ্ডের পেছনে কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গত ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
এদিকে বিভিন্ন জেলায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে কিশোরদের গ্রেপ্তারের সংখ্যা বাড়ায় কারাগারগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা।
রাজধানীতেও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত সেপ্টেম্বরে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছিলেন, মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকায় কোনো কিশোর গ্যাং থাকতে দেওয়া হবে না। এসব এলাকায় অভিযান জোরদারের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েনের কথাও জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের ফলে উপজেলা পর্যায়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে কমিটিগুলোর সুনির্দিষ্ট দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশের পরই উদ্যোগটির বাস্তবায়নপ্রক্রিয়া স্পষ্ট হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর