বরগুনার পাথরঘাটায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার লাঠির আঘাতে (চাচি) পিয়ারা বেগম (৬২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মো. আল আমিন (৩৬) পলাতক রয়েছেন।
নিহত পিয়ারা বেগম লেমুয়া গ্রামের মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী এবং অভিযুক্ত আল আমিন সম্পর্কে তার ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আল আমিনের ছোট ভাইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় চাচি পিয়ারা বেগম ঘটনাস্থলে এসে মীমাংসার চেষ্টা করেন। তখন উত্তেজিত হয়ে আল আমিন হাতে থাকা লাঠি দিয়ে চাচির মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের স্বজনরা ঢাকা থেকে রওনা হয়েছেন। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর