যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসব, ভক্তি ও ধর্মের প্রতি আস্থা-শ্রদ্ধার সঙ্গে তিনি সংহতি প্রকাশ করেন। দেশে সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেই পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সব অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করাই ছিল তাঁর মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করব, আপনারা আমাদের পাশে থাকবেন।’
তিনি আরও বলেন, দেশের সব ধর্মের মানুষ বর্তমানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা, বিপত্তি বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর