নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযান পরিচালনার সুবিধার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, মাদক নির্মূলের লক্ষ্য থেকে তাঁর মনোযোগ সরিয়ে দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে তাঁর হাতে অস্ত্র থাকা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক বলেন, ‘আমি মাদককে নির্মূল করতে চাই—এই জায়গা থেকে পুরো দৃষ্টি সরিয়ে দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্রটি হাতে রেখেছিলাম। কিন্তু নানা মহলে এই বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।’
সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানের বর্ণনা দিয়ে তিনি বলেন, অভিযানে যাওয়ার দিন সংশ্লিষ্ট থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। কখন পুলিশ ঘটনাস্থলে আসবে, সে বিষয়েও তাদের অবহিত করা হয়।
ইশরাকের ভাষ্য অনুযায়ী, তিনি ঘটনাস্থলে প্রবেশ করার পর প্রায় ২৫ থেকে ৩০ জন মানুষ ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে একদল লোক তাঁদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে নিজের বৈধ আগ্নেয়াস্ত্রটি হাতে রাখেন তিনি।
তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আত্মরক্ষার জন্যই অস্ত্রটি হাতে রেখেছিলেন। কিন্তু কিছু গণমাধ্যমে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে মূল বিষয়টি অন্যদিকে প্রবাহিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পদত্যাগের ঘোষণা দিলেও মাদক নির্মূলে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক হোসেন। তাঁর বক্তব্য, প্রতিমন্ত্রীর পদে না থেকেও মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখতে চান তিনি।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তাঁর পদত্যাগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়।
অবশেষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর