শেরপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবতা দারিদ্র্য ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শেরপুর সদর উপজেলার পালপাড়া আনন্দপাঠ স্কুলে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টরা বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানবতা দারিদ্র্য ফাউন্ডেশনের সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি সুমন মিয়া, আনন্দপাঠ স্কুলের প্রধান শিক্ষক নাঈম ইসলাম, মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আজিজুল হক, আয়নাল হকসহ মানবতা দারিদ্র্য ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানবতা দারিদ্র্য ফাউন্ডেশনের সভাপতি মো. শাহীন আলম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”
সহ-সভাপতি সুমন মিয়া বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণে তাদের উৎসাহিত করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর