পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সার্বিক দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন এর সার্বিক দিকনির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকা বরাদম, বাবুছড়া এবং জারুলছড়ি আর্মি ক্যাম্পে এই কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলা থেকে বিশেষভাবে বাছাইকৃত মোট ৬৭ জন পাহাড়ি নারী-পুরুষকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। যার মধ্যে ২০ জন পাহাড়ি মহিলাকে ধাত্রীবিদ্যা ও নার্সিং এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
সেনাবাহিনী সূত্র জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলের চিকিৎসাসেবা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সুযোগ-সুবিধা পৌঁছানো কঠিন হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি নারীরা প্রত্যন্ত এলাকায় প্রাথমিক ও প্রসূতি চিকিৎসাসেবায় ভূমিকা রাখতে পারবেন। অন্যদিকে, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা ডিজিটাল শিক্ষায় দক্ষ হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের উপযোগী ও জীবনমুখী প্রশিক্ষণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সুবিধাভোগীরা। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্থানীয়রা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর