লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) একাধিকবার ধর্ষণের দায়ে মোক্তার আলী (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার(৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল (দায়রা জজ) এর বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, আসামি মোক্তার আলী ভুক্তভোগী শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে দাদু হন। শিশুটির পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় আসামী তাকে নানা প্রলোভন ও প্ররোচনা দিয়ে আসছিল। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মোক্তার আলী শিশুটিকে তার শয়নঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে এই সুযোগ কাজে লাগিয়ে আসামি একাধিকবার শিশুটিকে ধর্ষণ করে, যার ফলে শিশুটি ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পেলে শিশুটির বাবা মো. আলকাছ হোসেন বাদী হয়ে ২০২০ সালের ২৫ মে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩)-এর ৯(১) ধারায় এ রায় প্রদান করেন।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লুৎফর রহমান সন্তোষ প্রকাশ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর