সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে অনেকে স্বজন হারিয়েছেন, আবার অনেকে আহত হয়েছেন। এসব পরিবারের সদস্যরা এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন। তাদের ক্ষোভ ও যন্ত্রণা থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার উদ্দেশে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন—কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’
ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়েও প্রশ্ন
সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড চালুর ঘোষণা দিয়েছিল। এসব কার্ড তৈরির জন্য শুধু কার্ড প্রকল্পেই ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
সারজিস আলম বলেন, জনগণের কল্যাণের কথা বলে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও অনেক ক্ষেত্রে সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থাকে। ফ্যামিলি কার্ড প্রকল্পের ক্ষেত্রেও সরকার শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে বুঝতে পেরেছে বলে দাবি করেন তিনি। এ কারণে বর্তমানে প্রকল্পটি নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন আলোচনা নেই বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প নেওয়া উচিত নয়, যার বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা রয়েছে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে হবে।
পরে জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, দলের নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর