খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট (নারী)-২০২৬’। নারী খেলাধুলার প্রসার, তরুণ সমাজকে ক্রীড়ামুখী করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ আয়োজন করে দীঘিনালা জোন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে দীঘিনালা জোনের বিশেষ উদ্যোগে আয়োজিত প্রীতি ম্যাচ ও পরিবেশ উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
বিকাল ৪টায় বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ ও বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যকার ম্যাচ শুরু হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাবুছড়া একাদশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রেখে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় দলটি।
নারী ফুটবলের এ আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় তিন হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে নারী ফুটবলারদের করতালি দিয়ে উৎসাহ দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন ও শান্তিপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনসহ জোনের উপ-অধিনায়ক, জোন অ্যাডজুটেন্ট, কিউএম, আরএমও, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
খেলা শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জোন কমান্ডারের হাত থেকে চারা গ্রহণ করেন শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর